মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮

২০১৮ র কবিতা


সাড়া দিয়ে রাখি

কেউ ডাকলে প্রয়োজনমত
শুনে নেবে

প্রশ্ন করতে না জানলে
আগে থেকে উত্তর দিয়ে রাখতে হয়


আমাদের মাটির ঘরের টিনের চাল থেকে
গড়িয়ে নামছে রোদ

নীচে দাঁড়িয়ে দেখলাম
কোনও ভ্রুক্ষেপ না করে
রোদ নেমে যাচ্ছে
উঠে যাচ্ছে

আশপাশের গাছগুলো
তাড়াতাড়ি বেড়ে ওঠার
পরিকল্পনা করছে

শুধুমাত্র রোদ ধরবে বলে


এক বৃষ্টির দিনে বাবার সাইকেল চুরি হয়
তারপর আরো এক বৃষ্টির দিনে
কেউ একজন সাইকেল রেখে চলে গেছিল
বাবার দোকানের সামনে
খোঁজ করতেও আসেনি আর

আজ সাইকেল দেখে
বাবা বাবার সাইকেল বৃষ্টির কথা মনে পড়ল

কাল মাঝরাতে
বাবাকে সাইকেল চালাতে দেখলাম


চলাফেরা হোক বা নাহোক

রোদ উঠবেই
সূর্য বা চাঁদ পাশে পাশে
হাঁটবে আমাদের

আমরা ঘরে ফিরব অথবা ফিরব না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন