সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

শীতের কবিতাগুচ্ছ

১.
মাথা থেকে গড়িয়ে পড়ছে
                                     বেদানা
লোকটা বাঁপাশ থেকে
ডানপাশে ফিরতে
গোটা একটা আনারস হয়ে গেল
'চুল' 'চুল' করতে করতে
জেনে যাওয়া যাচ্ছে অতীত
রক্ত নাকি বহুবছর আগে
অন্য রঙের ছিল!

২.
শীত আসছে
শহরের নামীদামী দুঃখ
গ্রামের নিম্ন আশয়

কবে থেকে অপেক্ষার
নাম দেওয়া যায় গতকাল,!

৩.
জাহাজ ডেকে নিয়ে যাচ্ছে ব্যাঙ
আমি ডেকে দাঁড়িয়ে
ঘন্টার পর ঘন্টা দেখেছি সেসব

তারপর,
সূর্য একপেশে হয়ে গ্যালো
চাঁদ একপেশে হয়ে গ্যালো
জাহাজ ডেকে নিয়ে গ্যালো ব্যাঙ
আগামী একমাস মাছের ডিমে
সকালের পাত ভর্তি থাকবে।

৪.
অতএব,
নিরীহ বলেই __
চাদরের দাগ কাটা অংশে
আমরা শুয়ে পড়ি।
দাগ কথা বলে
বলতে বলতে চাদরও ছিঁড়ে যায়

আমরা শুয়ে পড়ি
পড়তেই থাকি

৫.
দরজার কি পদবী থাকে!
যে রক্ত রঙের বদলে
ফিতে তৈরীতে আগ্রহী
তার শ্বেতকণিকার কটা অক্ষর!
আলোর অর্ধেক কনা অক্ষর
          বাকি অর্ধেক তরঙ্গ হলে
তাদের সম্পর্ক কি হত!

আমরা কি মাধ্যাকর্ষন ভুলে যাচ্ছি!
নিউটন, পৃথিবীর কেন্দ্রে g=0 হলে
গ্রহ আছে বলা কি খুব সহজ হবে!

৬.
ওটাই এই সন্ধ্যেগুলোর উত্তেজনা।
কিন্তু, ডায়েরীর ভিতর থেকে পোড়াগন্ধ
ভেসে আসছে
এটাই ওই ডায়েরীর ফাঁকা পাতাগুলোর আর্জি

দোতলা বারান্দা থেকে ডেকে
নেমে গেল
আমি দুদ্দাড় নেমে আসছি
ঘুমটা শেষ হয়ে আসছে
চারদিকে বন জঙ্গল
ঘন্টা বাজছে
ধুপ ধূনোর গন্ধও শোনা যাচ্ছে
আমি দেখতে পাচ্ছি
কিন্তু যেতে পারছিনা

এখানে আগে স্কুল ছিল।
দুবছর আগের ঘুম
এতটা শব্দে ভেঙে গেল যে
সারা শরীরে অ্যালজোলাম শিখে ফেলছি।

৭.
জবাফুলে বধির হয়ে আছো!
বেলফুলে চেয়ে চেয়ে

এক বোতল গঙ্গা হয়ে যাই

৮.
পিস্ পিস্ করে কাটা নখগুলো
জমিয়ে একটা স্মৃতি বানাব
লেখা থাকবে দরজার ভিতর

ধূপধুনো নিয়ে ফেরার সময়
চোখে পড়লেও পড়তে পারে
নখগুলো বড় ও কালো হয়ে এল
এবার কেটে ফেলা দরকার

৯।
তেঁতুল গাছটার নাম দিয়েছি রিষা
আমার নামটা আমগাছ নিয়ে নিল

বাকি সব একই আছে
যা ছিল এবং থাকবে
সব। সবই

চলো, বিয়ে করে নিই

১০।
হুক খুলতে না পারা
পারদ ওঠা নামার মধ্যে পড়ে
ঠিক মাঝখানে একটা
সাদা পায়রা গায়ে হেগে দিলে
সোজা গুগল পেজে সার্চ মারা যায় --
"হাউ টু কিল পিজিয়ন"!!

1 টি মন্তব্য:

  1. প্রথমটা পড়েই চোখ সরালাম। ভাবলাম আর পড়ব না। কিন্তু মাঝের দুটো পড়ি নি... অবশেষে লাস্টটা পরে ভাবলাম... এটাও কিন্তু গুগুল ছিল বলেই। কত লেখকই তো লিখেছেন।কিন্তু আমি এগুলো ভুলব না।

    উত্তরমুছুন